সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত
ক্ষিণ সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নাজিমুল ইসলাম নাজিম জায়গীরদার (১৯) নামে কলেজ পড়ুয়া এক যুবক খুন হয়েছেন। নিহত নাজিম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের আনছার মিয়া জায়গীরদারের ছেলে।
এছাড়া সংঘর্ষের এই ঘটনায় আশংকাজনক অবস্থায় খালিছ মিয়া জায়গীরদার (৩৫), ওয়াকিব মিয়া জায়গীরদার (৪০) ও জিলু মিয়া জায়গীরদারকে (৩৬) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পারিবারিক ও পুলিশসূত্রে জানা যায়, রবিবার (২৭ জুন) বিকালে বড়মোহা গ্রামের ঈদগাহ মাঠে গ্রামের ছেলেরা ক্রিকেট খেলছিল। এসময় খেলাকে কেন্দ্র আনছার মিয়ার ছেলে নাজিমুল ইসলাম জায়গীরদার ও একই গ্রামের পুতুল খাঁনের ছেলে খাঁনের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে খাঁ গোষ্ঠীর লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে নাজিমুল ইসলামের লোকদের উপর আক্রমন চালায়। এসময় নিহত নাজিমুল ইসলামের পক্ষের লোকজন বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তবে প্রতিপক্ষের লোকজন নাজিম মিয়ার বাড়িতে গিয়ে আক্রমন চালিয়ে দেশীয় অস্ত্র (চুলফি) দিয়ে নাজিমুলের বুকে ও খালিছ মিয়ার পেটে আঘাত করে। অপর দুজনকেও এসময় আহত করে পুতুল খাঁনের পক্ষ। ঘটনাস্থলে ৪ জনই গুরুতর আহত হলে তাদেরকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাজিমুল ইসলাম মৃত্যবরণ করেন। এছাড়া গুরুতর আহত অপর ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই নাজিম মিয়া নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নোহান আরেফিন নেওয়াজ/বার্তা বাজার/টি