ঢাকা বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় নেই উল্লেখ করে দেশের আলোচিত লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর গণতন্ত্রের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্ববিদ্যালয় হিসেবে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। দেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি তার শিক্ষাদানের লক্ষ্য থেকে সরে গেছে বলেও তিনি মন্তব্য করেন।
রোববার (২৭ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। গত জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিকভাবে এই ওয়েবিনারের আয়োজন করে আসছে। প্রতি মাসে একটি করে বিষয়ের উপর দিনব্যাপী আলোচনা হয়।
ওয়েবিনারে সলিমুল্লাহ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ বছরে অনেক বদলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষাদানমূলক এবং ঐক্য বা সমতামূলক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল। কিন্তু এখন এটি একটি তদারকিমূলক ও অধিভুক্তিমূলক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষাদানের লক্ষ্য থেকে সরে গেছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভাষা ছাড়া আর কিছুই শিখিনি৷ আইনের ছাত্র হলেও পরে আমি অর্থনীতিসহ অন্যান্য বিষয়ও শিখেছি৷ আমার ছাত্র ও শিক্ষকজীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর কোনো বিশ্ববিদ্যালয় নয়৷ তবে এটি এর ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে৷ এটি পূর্ববঙ্গে একটি মধ্যবিত্ত শ্রেণি তৈরি করেছিল, যা ছিল সময়ের চাহিদা।
বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রওনক জাহানের সঞ্চালনায় এই পর্বে কানাডাপ্রবাসী অধ্যাপক হাবিবা জামান বক্তব্য দেন।
বার্তা বাজার/এসজে