মগবাজারে বিস্ফোরণে উড়ে গেছে ভবনের নিচের অংশ

রাজধানীর মগবাজারে ওয়ারলেস গেট সংলগ্ন আড়ং শো রুমের বিপরীত পাশের ভবনের নিচ তলায় বিস্ফোরণে বহুলোক হতাহত ও আটক রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া ওই ভবনের নিচের অংশ উড়ে গেছে বলে জানা যায়।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে আগুনের ঝলকানিও দেখা গেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, বিস্ফোরণের ঘটনায় ওই ভবনের নিচতলার অংশ উড়ে গেছে। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখব। এখন সবার আগে কাজ হচ্ছে হতাহতদের উদ্ধার করা।

তিনি বলেন, অনেকে ভেতরে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সেখানে কাজ করছে। আটকে পড়াদের উদ্ধারে ভবনের ভেতরে প্রবেশ করা হচ্ছে। আমি স্পটে আছি। ভেতরের তথ্য আমরা পরে জানাতে পারব।

প্রত্যক্ষদর্শী একজন জানান, বিস্ফোরণে কমপক্ষে ৫০ জনের মতো মানুষ আহত হয়েছে। রাস্তায় যাত্রীবাহী বাসের অনেক যাত্রী আহত হয়েছে। বিস্ফোরণের সময় সড়কে বাসসহ যানবাহন চলন্ত অবস্থায় ছিল। পরিবহনের অনেকেই গ্লাস ভেঙ্গে শরীরে পড়ায় আহত হয়েছেন। একটা শিশু নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর