লকডাউনে দরিদ্রদের জন্য রেশনিং ব্যবস্থার দাবি

চলমান করোনা পরিস্থিতি মোকবিলায় সর্বাত্মক লকডাউনের আগে কর্মহীন, বেকার, দরিদ্র থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান।

রোববার (২৭ জুন) তারা এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।

তাদের বিবৃতিতে বলা হয়, লকডাউন কঠোর দেন আর নরম দেন যেমনই দেন না কেন ঘরে ঘরে খাবার পৌঁছানোর ব্যবস্থা ছাড়া কোনো লকডাউনই কাজে আসবে না।

তারা বলেন, ইউরোপ-আমেরিকার মতো হাজার হাজার ডলার না হোক অন্তত প্রত্যেক নাগরিকের হাতে মাসিক ২০ হাজার টাকা নগদ সহায়তা পৌঁছে দিন। এতে করে লকডাউন কার্যকর করা সম্ভব। কেন না জনগণকে ক্ষুধার্থ রেখে লকডাউন কার্যকর সম্ভব নয়। কারণ ক্ষুধা লকডাউন বুঝে না।

তারা আরো বলেন, করোনাকালীন সময়ে কাজ হারিয়ে বেকার হয়েছেন লাখো মানুষ। এদিকে নিত্যপণ্যের মূল্য আকাশচুম্বী। এ অবস্থায় মানুষের বিপদ চারদিকে। তাই নিম্ন মধ্যবিত্ত থেকে হতদরিদ্র মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনতে হবে। তা না হলে লকডাউন কার্যকর করা যাবে না।

এসময় তারা গণপরিবহনের অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়ে আরো বলেন, টিসিবির পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করুন, মুনাফালোভী সিন্ডিকেট রোধ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর