বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১ মামলার শুনানির তারিখ পেছানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৭ জুন) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল জানান, এ মামলায় শুনানির দিন ছিল ৯ জুন। তবে করোনা পরিস্থিতিতে আদালতের স্বাভাবিক বিচার কার্যক্রম সেদিন হয়নি। নতুন করে এসব মামলার শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন ঠিক করেছেন আদালত।
জানা যায়, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১ মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় রয়েছে ৮টি, যাত্রাবাড়ি থানায় ২টি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা।
এসব মামলা এখন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। মামলাগুলো অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে।
বার্তা বাজার/এসজে