তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে

সারাদেশে আষাঢ়ের বৃষ্টি কমে গিয়েছে। যার ফলে দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে দুয়েকদিন পর বৃষ্টির প্রবণতা বাড়লে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৭ জুন) সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশে বেশ উজ্জ্বল রোদের দেখা মিলে। গত কয়েকদিন হওয়া মেঘ-রোদ আর বৃষ্টির খেলা দেখা যায়নি।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানান হয়েছে। অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। আগামী দুয়েকদিনের মাঝে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।

এর আগে শনিবার (২৬ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর