এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ২৯ জুন থেকে এই ফরম পূরণ শুরু হওয়ার কথা ছিল।

রোববার (২৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।

ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৫০০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১ হাজার ৯৪০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড আরও জানায়, নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার (২৫ জুন) ২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। ২৯ জুন থেকে ফরম পূরণের কাজ শুরু হয়ে ১১ জুলাই শেষ হওয়ার কথা ছিল।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর