টাঙ্গাইলের নাগরপুরে যৌতুকের বলি লাভলী হত্যার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে উপজেলার কোকাদাইর এলাকাবাসীর উদ্যোগে নাগরপুর উপজেলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহতের বাবা চাঁন মিয়া, মাতা সুজিয়া খাতুন শহিদুল ইসলাম ও ফিরোজ মিয়া প্রমুখ।
এ সময় নিহতের পরিবারসহ এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।
নিহতর বাবা চাঁন মিয়া সুষ্ঠ তদন্ত, ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। তিনি আরও বলেন, লাভলীর স্বামী লুৎফর রহমান এ হত্যাকান্ডের মূল আসামী আমরা তার ফাঁসির দাবী করছি।
নিহতর মাতা সুজিয়া খাতুন বলেন, আসামী লুৎফর রহমানের পরিবারের পক্ষ থেকে প্রতিনিয়ত আমাদের হুমকি দিয়ে আসছে। আমি আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আর কোনো মেয়ের যেন এরকম হত্যার শিকার হতে না হয়।
উল্লেখ্য, যৌতুকের কারনে তিন সন্তানের জননী লাভলী আক্তারকে গত বছর নভেম্বর মাসের ১৫ তারিখে উপজেলার গয়হাটা ইউনিয়নের রসুলপুর বনগ্রামের স্বামীর বাড়িতে তার স্বামী ও স্বামীর বাড়ীর লোকজন হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়।
পরে নিহত লাভলীর স্বামী লাভলীর মরদেহ নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়।
হাসান সিকদার/বার্তা বাজার/এফএইচপি