মানুষ জেগে উঠলে আ.লীগ পালানোর পথও খুঁজে পাবে না: ফখরুল
জনগণ যেই দিন জেগে উঠবে সেইদিন আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৭ জুন) দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
‘বিএনপির ভবিষ্যৎ অন্ধকার’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, তারা বিএনপির ভবিষ্যৎ নিয়ে এত উদ্বিগ্ন কেন? কারণ এটাই যে তারা মনে করে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা প্রতিপালিত করে।
বিএনপি একমাত্র দল যারা এই ভয়াবহ দানব সরকারকে পরাজিত করে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে বলে জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ ঘোরতর অমানিশার অন্ধকারে নিমজ্জিত। আওয়ামী লীগ যে কাজগুলো করছে তা পুরো জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। জাতির যা কিছু ভালো, সুন্দর ছিল তা ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, এখন শুধু সময়ের অপেক্ষা। মানুষ যেই দিন জেগে উঠবে সেইদিন আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না।
বার্তা বাজার/নব