গুরুদাসপুরে মাছের সাথে শত্রুতা, ১ লাখ টাকার ক্ষতি
নাটোরের গুরুদাসপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে আফজাল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার গভীর রাতে উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী নুরুল ইসলাম ও মতিয়ার রহমান ওই এলাকার মৃত-মাছেম উদ্দিনের ছেলে এবং অভিযুক্ত আফজাল হোসেন একই এলাকার মৃত-মকবেল প্রাং এর ছেলে।
ভুক্তভোগী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, পিপলা মৌজার পিপলা গ্রামে ৬০ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশে পুকুর রয়েছে। সেখানে আমরা দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছিলাম।
তবে ওই জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ আফজাল হোসেন, আনিস, আবু সাঈদ, আইনুর রহমান,জামাত আলী, আসাদসহ তাদের স্বজনদের সাথে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার এলাকায় ও থানায় বিভিন্নভাবে সালিশ বৈঠক হলেও তারা মিমাংসার রায় না মেনে জোরপূর্বক জায়গা দখল করে রেখেছে।
আদালতে এ বিষয়ে দুইটি মামলা চলমান রয়েছে। এরই জেরে শনিবার গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে যার আনুমানিক মুল্য ১ লাখ টাকা।
অভিযুক্ত আফজাল হোসেন ও তার অংশিদাররা অভিযোগ অস্বীকার করে জানালেন, দীর্ঘদিন যাবৎ তারাই পুকুরে মাছ চাষ ও জমি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু প্রতিপক্ষ নিজেরাই পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে আমাদের নামে অভিযোগ চাপিয়ে দিচ্ছে।
গুরুদাসপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/এফএইচপি