নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণের অভিযোগ ভিত্তিহীন: কাদের
বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয় বলে হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংগঠন যে অভিযোগ করেছে তা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৭ জুন) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি বলেন, এই অভিযোগ কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতার অংশ। সুনির্দিষ্ট অভিযোগ কিংবা আদালতের নির্দেশনার প্রেক্ষিতে গ্রেফতার করা ব্যক্তিকে বিদ্যমান বিধিবিধান মতে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিভিন্ন সময়ে ঢালাওভাবে গুমের অভিযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, পরবর্তীতে এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, যা অতি সম্প্রতি দেখা গেছে।
কাদের বলেন, আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্টের সময় বাধা দিলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর সরাসরি হামলার ছবিও দেখা যায়, দেখা যায় থানা আক্রমণসহ আগুন দেওয়ার ঘটনা।
সরকারি অফিসে হামলা চালিয়ে নথিপত্রে আগুন দেওয়ার ঘটনাও দেখা যায় উল্লেখ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো বক্তব্য বিবৃতিতে কিছুই বলে না। আগুন সন্ত্রাসের শিকার হয়ে জীবন্ত মানুষ যখন দগ্ধ হয়, তখন মানবাধিকার সংগঠনগুলো কোথায় থাকে?
তিনি বলেন, সাম্প্রতিককালে আলোড়ন সৃষ্টিকারী ফেনীর নুসরাত, বরগুনার রিফাত শরিফ, কক্সবাজারে মেজর সিনহাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং নারীর প্রতি অমর্যাদাকর প্রতিটি ঘটনায় সরকার কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, হেফাজতে কোনো অপরাধমূলক কাজ হলে নিজস্ব আইন অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাস্তির আওতায় আনার নজির রয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, সামাজিক স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি নাগরিক অধিকার সুরক্ষা সরকারের অগ্রাধিকার। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে জনমানুষের অধিকার আদায়ে সাহসী ভূমিকা পালন করে আসছে।
বার্তা বাজার/নব