ময়মনসিংহে রেকর্ড শনাক্তের দিনে মমেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো আটজনের। শনিবার সকাল ৮ টা থেকে রোববার সকাল ৮ টার মধ্যে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
করোনায় আক্রান্ত হয়ে ঈশ্বরগঞ্জের ফিরোজা বেগম (৬৮) ও ধোবাউড়ার আইরিন বেগম (১৪) এর মৃত্যু হয়। টাঙ্গাইলের গোপালপুরের শাহাদাৎ মিয়া (৫২), ময়মনসিংহের গৌরীপুরের জমিলা খাতুন (৫৫), মুক্তাগাছার হাবিবুর রহমান (৮৫), সদরে ভাবখালীর জামেলা বেগম (৭৫), শাহিনা আক্তার (৩৮), শেরপুরের নুরুল হক (৭০), রানী বেগম (৫০), টাঙ্গাইলের নজরুল ইসলাম (৭৫) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ১০ জনের মধ্যে ফিরোজা বেগম ও আইরিন বেগম করোনায় আক্রান্ত ছিলেন। আর বাকি আটজন সন্দেহভাজন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।
তিনি আরও বলেন, রোববার সকাল ১০ টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ১৩ আইসিইউ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছে ১২ জন। ২১০ টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছে ১৮৮জন।
এদিকে এক বছর পর করোনার শনাক্তে একদিনে রেকর্ড করেছে ময়মনসিংহ। ২৪ ঘণ্টায় জেলায় শনাক্তের মাত্রা বেড়ে দাড়িয়েছে ২৭ দশমিক ৬২ শতাংশে। আগের দিন যা ছিল ১২ দশমিক শুন্য ৩ শতাংশে। শনিবার ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
নাজমুস সাকিব/বার্তা বাজার/এফএইচপি