সময়মতো আসতে না পারায় কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৭ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, যেগুলো সময়মতো উৎপাদনে আসতে পারেনি সেগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে সারাবিশ্বে জ্বালানির ক্ষেত্রে নতুন চিন্তা-ভাবনা এসেছে। নতুন টেকনোলজির সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। এ কারণে কয়লাভিত্তিক প্রকল্প বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সময়মতো উৎপাদনে আসতে না পারায় ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাদ দেওয়া হয়েছে।
বাতিল হওয়া ১০টি প্রকল্প হলো- ঢাকার ২৮২ মেগাওয়াটের প্রকল্প, মুন্সীগঞ্জের ৫২২ মেগাওয়াটের প্রকল্প, চট্টগ্রামের ২৮২ মেগাওয়াটের প্রকল্প, মহেশখালির এক হাজার ৩২০ মেগাওয়াটের প্রকল্প, আশুগঞ্জের এক হাজার ৩২০ মেগাওয়াটের প্রকল্প, গাইবান্ধার এক হাজার ২০০ মেগাওয়াটের প্রকল্প, সিঙ্গাপুর-বাংলাদেশের ৭০০ মেগাওয়াটের যৌথ প্রকল্প, সিপিজিসিএল-সুমিতমো করপোরেশনের এক হাজার ২০০ মেগাওয়াটের যৌথ প্রকল্প, পটুয়াখালী ২×৬৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও বাংলাদেশ-মালয়েশিয়ার এক হাজার ৩২০ মেগাওয়াটের যৌথ প্রকল্প।
বার্তা বাজার/নব