বর্ষার ২য় সপ্তাহে কুড়িগ্রামে স্বস্তির বৃষ্টি

টানা দাবদাহ আর ভ্যাপসা গরমের পর রবিবার (২৭ জুন) সকাল থেকে বৃষ্টির দেখা মিলছে কুড়িগ্রামে। বর্ষার শুরুতে বৃষ্টি না থাকায় অসহনীয় তাপমাত্রা আর ভ্যাপসা গরমের কারণে অতিষ্ঠ জেলাবাসী। বহু প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে অনেক এলাকায় মানুষকে ভিজতে দেখা গেছে। বৃষ্টিস্নাত হয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বৃষ্টির ছবি পোস্ট করছেন। বৃষ্টির কারণে গরম কিছুটা কমে এসেছে।

এ বছর বর্ষার শুরুটা বৃষ্টিহীন যাচ্ছিল। জুন মাস বর্ষাকাল হলেও এমাসের শুরু থেকে জেলায় তাপপ্রবাহ বইছে। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় এক পশলা বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে।

কুড়িগ্রাম পশুর মোড় এলাকার বাসিন্দা মাসুদ রানা বলেন,’দীর্ঘদিন পর বর্ষার মৌসুমের ২য় সপ্তাহে এই বৃষ্টি জনমনে স্বস্তি এনে দিয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে, কুড়িগ্রামের এই বৃষ্টি বর্ষার সূচনা করতে পারে।’

পাঁচগাছি ইউনিয়নের বাসিন্দা জুয়েল রানা বলেন,’আজ দীর্ঘদিন পর বৃষ্টি দেখে খুব ভালো লাগছে, এজন্য বৃষ্টিতে ভিজলাম।’

কুড়িগ্রামের রাজারহাটে অবস্থিত কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, ‘বর্ষার শুরুতে কুড়িগ্রামে তেমন বৃষ্টি না থাকলেও আগামী এক সপ্তাহ কুড়িগ্রামে হালকা ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার (২৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রামে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।’

সুজন মোহন্ত/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর