সাতক্ষীরায় একদিনে মৃত্যু ৮, লকডাউন উপেক্ষা করে রাস্তায় মানুষ
সাতক্ষীরায় লকডাউন উপেক্ষা করে নানা অযুহাতে রাস্তায় বের হচ্ছে মানুষ। চলমান লকডাউনের চতুর্থ সপ্তাহের তৃতীয় দিনও চলছে ভাবলেশহীনভাবে। লকডাউনের নামে সড়কে যেনো পুলিশের সাথে নিয়মিত লুকোচুরি চলছে। ভারি যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে।
এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এই হিসাবে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩২.৭২ শতাংশ। এর আগের ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ২৭.০৪ শতাংশ । তার আগের দিন ছিল ৩০.৩৭ শতাংশ।
রোববার সকাল পর্যন্ত একদিনে চিকিৎসাধীন অবস্থায় আট জনের মৃত্যু হয়েছে। তারা সবাই মারা গেছে করোনা উপসর্গ নিয়ে।
সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরায় স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছে। হাট বাজার করছে। তবে বেলা ১১ টার পর সব দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না কেউ।
এদিকে করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে আরও ১৭ জন সহ ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদেরসহ মোট করোনা আক্রান্ত ৮৬২ জন প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেনটিনে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা স্বাস্থ্যবিভাগ ।
এতদিনে করোনা শনাক্ত হয়ে মারা গেছে ৬৬ জন। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৩২১ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লঙ্ঘন করছে। তবে আইনশৃংখলা বাহিনী জেলার ৭ টি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে ব্যারিকেড।
মীর খায়রুল আলম/বার্তা বাজার/এফএইচপি