কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় ১৯৫ জন আক্রান্ত, ৫ জনের মৃত্যু

সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ৭ দিনের কঠোর লকডাউন শেষ হয়েছে রোববার (২৭ জুন) মধ্যরাতে। পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার ৩৪ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় জেলায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ প্রতিদিনই বাড়ছে। হাসপাতালে পজিটিভ ও উপসর্গ নিয়ে চারটি ওয়ার্ডে ১৮৮ জন রোগী ভর্তি আছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, হাসপাতালে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা এখানে প্রতিনিয়ত বাড়ছে। চাপ সামলাতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের বেগ পোহাতে হচ্ছে। উপজেলা সদর, এমনকি জেলার দূরদূরান্ত থেকেও করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে আসছেন। আপাতত হাসপাতালে চিকিৎসক ও জনবল যা আছে, তা দিয়ে রোগীর চাপ সামাল দেওয়া গেলেও এভাবে যদি চাপ বাড়তেই থাকে, তাহলে অতিরিক্ত লোকবল প্রয়োজন হবে।

বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে আবদুল মোমেন বলেন, যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের প্রায় প্রত্যেকেরই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে এখন আর করোনা ছাড়া অন্য কোনো রোগী ভর্তি করা হচ্ছে না।

জেলায় অস্বাভাবিকহারে করোনা সংক্রমন বৃদ্ধি পেলেও মানুষ কিন্ত কোনো কিছুই মানছেন না। যে কোনো অজুহাতে মানুষ শহরে প্রবেশ করার চেষ্টা করছেন।

এদিকে লকডাউন কার্যকর করার জন্য পুলিশ শহরের বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে। এছাড়াও গতকাল শনিবার দিনব্যাপি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সরকারী বিধিনিষেধ না মানার কারণে ৪৯ জনকে ৪৯ হাজার ৪শ টাকা জরিমানা করার পাশাপাশি ৫ জনকে স্বল্প মেয়াদে সাজা দেয়া হয়েছে।

উল্লেখ্য, অস্বাভাবিকহারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ২০ জুন মধ্যরাত থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।

ফজলুল করিম টুটুল/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর