গাংনীতে মুক্তিপণের টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা

মেহেরপুরের গাংনীতে মুক্তিপণের টাকা না পেয়ে আবির হোসেন (১২) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৭ জুন) মধ্য রাতে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া মাঠের একটি পাটক্ষেত থেকে আবিরের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আবির হোসেন একই এলাকার মিনাপাড়া গ্রামের আসাদুল হকের ছেলে। সে জন্মের পর থেকেই মিনাপাড়াতে তার নানা রেজাউল হকের বাড়িতে থাকতো ।

আবিরের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর থেকে আবিরের মুঠো ফোন থেকে তার বাবা ও মায়ের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিয়ে হলেও ছেলেকে ফেরত পেতে অনুনয় বিনয় করে তারা। তবে শেষ পর্যন্ত মুক্তিপণ না নিয়েই শ্বাসরোধে আবিরকে হত্যা করে অপহরণকারীরা।

এ ঘটনায় মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন (১৫) ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদ (১৪) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান বার্তা বাজার কে জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।

মাসুদ রানা/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর