আমাদের দেশে মাদক উৎপাদন হয় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমাদের পাশের দেশগুলোতে এসব মাদক উৎপাদন হয়। এরপর মাদক ব্যবসায়ীরা পাচার করে আমাদের দেশে নিয়ে আসে। তবে সরকার মাদকের বিরুদ্ধে সবসময় সচ্চার।
শনিবার (২৬ জুন) দুপুরে ‘আন্তর্জাতিক মাদক প্রতিরোধ ও অবৈধ পাচার’ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। মাদক একটি বৈশ্বিক সমস্যা। এ করণে আমরা হুমকিতে আছি। মাদক আমাদের দেশে উৎপাদন হয় না। কিন্তু অসাধু মাদক ববসায়ীরা দেশ ও সমাজের কথা না ভেবে অবৈধভাবে এদেশে মাদক নিয়ে আসছে। যা পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে দেয়া হচ্ছে। কিন্তু এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক এমন একটি ব্যাধি যা দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইয়াবা, ফেনসিডিল, হেরোইন সেবন করে নিজের পাশাপাশি পরিবারকেও তারা ধ্বংস করছে মাদক সেবনকারীরা। যা পর্যায়ক্রমে দেশে ও রাষ্ট্রের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এখন আর দুর্বল নয়। তারা যেন আরো বেশি সক্রিয় হয়ে কাজ করতে পারে সেজন্য জনবল বৃদ্ধির পাশাপাশি জেলা-উপজেলায় নতুন অফিস নেওয়া হয়েছে। একই সঙ্গে নানা প্রযুক্তির সাহায্যে মাদকবিরোধী জোরালো অভিযানের জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশে সরকারি বেসরকারি পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে। সরকারি মাদক নিরাময় কেন্দ্রে প্রতিনিয়ত মাদকসেবীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সারাদেশে নানা রকম সচেতনতামূলক প্রচার প্রচারোনা চালানো হচ্ছে।
বার্তাবাজার/ই.এইচ.এম