আপনি বিএনপির কি, আপনিতো কেউ না: ডা. জাফরুল্লাহকে ছাত্রদল

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের এক উচ্চ পর্যায়ের নেতা। শনিবার (২৬ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রকাশ্যেই বিভিন্ন প্রশ্নবাণে তাকে জর্জরিত করেছে ছাত্রদল। সেমিনারটির আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই)।

অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে ডা. জাফরুল্লাহ বলেন, আজকে বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহি দিয়ে! তাছাড়া ওহি লন্ডন থেকেই বেশি আসে। সম্প্রতি লক্ষ্য করেছি, গত নির্বাচনে লোকই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটাতে হলে সবচেয়ে বেশি পরিবর্তন ঘটাতে হবে বিএনপির নিজের ঘরে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বারবার বলেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তুমি ২ বছর চুপচাপ বসে থাকো। পারো তো বিলেতে লেখাপড়ায় যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া হয়।

জাফরুল্লাহর এমন বক্তব্যের প্রেক্ষিতে তাৎক্ষনিক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক কাওছার বলে ওঠেন, ‘আপনি বিএনপির কী? আপনি বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন!’

জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, না কিছু না, এটা তো গণতন্ত্রে আমার বলার অধিকার আছে।

তখন ছাত্রদল সহসভাপতি বলেন, না আপনি অন্যদের নিয়ে বলেন। আপনি আমাদের নেতা সম্পর্কে বলছেন, আপনি তো বিএনপির কেউ না।’

তারপর জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কেউ না তো বটেই। কথা শুনে তারপর বলেন। আপনাদের ভালোর জন্যই বলতেছি। আপনাদের ভালোই আপনারা বোঝেন না।’

এরপর ওমর ফারুক কাওছার বলেন, ‘না না আমরা অবশ্যই বুঝি, আপনি আপনারটা বোঝেন, আমরা আমাদেরটা বুঝি। আপনি আমাদের নেতাদের নিয়ে কখনো কথা বলবেন না। কখনোই কথা বলবেন না। আর যদি কখনো কথা বলেন, পরবর্তীতে কিছু হলে আমরা কিন্তু দায়ী থাকব না।’একথা বলার পর ছাত্রদলের নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর