নাটোরের এক ঠিকাদার ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার
নাটোরে মোস্তাফিজুর রহমান সেন্টু নামের এক ঠিকাদারকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করেছে সিআইডি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণভবনের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
সেন্টু জেলার বড়াইগ্রাম উপজেলার কুমরুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে নাটোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
নাটোর সিআইডির সিনিয়র এএসপি আব্দুল হাই শনিবার বিকালে বলেন, মোস্তাফিজুর রহমান সেন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণভবন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সুন্দরী মেয়েদের নামে ১৩টি ভুয়া ফেসবুক আইডি, দুইটি পেজ ও দুইটি টুইটার অ্যাকাউন্ট খোলেন।
এসব আইডি থেকে তিনি বিভিন্ন ব্যক্তির নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছিলেন। বিধিবহির্ভূতভাবে প্রধানমন্ত্রী ও গণভবনের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করার অভিযোগে বৃহস্পতিবার তার নামে সিআইডির উপ-পরিদর্শক আসিক আলী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুরে নাটোরে সংবাদ সম্মেলন করে সেন্টুর স্বজন ও জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ তার মুক্তির দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান সেন্টুর স্ত্রী জান্নাতুল আলেয়া বিথী বলেন, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় একটি পক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রভাবিত করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে। আমরা তার মুক্তির দাবি জানাই।
সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রাজীব হাসান শাপলা, মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা মল্লিক মামুন ও রানা আহমেদ এবং সেন্টুর বোন রুবিনা আক্তার উপস্থিত ছিলেন।
সাকলাইন শুভ/বার্তা বাজার/টি