আগে গ্রামের প্রতিটা বাড়িতে তালগাছ ছিল, এখন তালগাছ কমে যাওয়ায় প্রচুর বজ্রপাত হচ্ছে যার ফলে মানুষজন মারা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।
শনিবার (২৬ জুন) বুয়েট ছাত্র কল্যাণ পরিদপ্তর আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তালগাছ বজ্রপাত আটকে দেয় উল্লেখ করে উপাচার্য বলেন, এখন বন কেটে শহর বানানো হচ্ছে। বন এবং পাহাড় না কেটে এগুলোকে যেন রক্ষা করা যায় সেদিকে আমাদের নজর দিতে হবে। একদিকে গাছ কাটব আর অন্যদিকে গাছ লাগাব সেটি করা যাবে না। বনায়ন করতে হলে বনকে রক্ষাও করতে হবে।
তিনি বলেন, পরিবেশকে রক্ষার জন্য এত বছর চেষ্টা করা হয়নি। এজন্যই আমরা এখন কোভিডে আক্রান্ত হচ্ছি। যদি আমরা আগে থেকেই চেষ্টা করতাম তাহলে এখন পরিবেশ ঠিক থাকতো, আমাদের মাস্ক পরতে হতো না। এজন্য পরিবেশকে অবহেলা করা যাবে না। ‘গাছ কাটো আর ব্যবসা করো’ আমাদের এই মানসিকতার পরিবর্তন করতে হবে। গাছকে আমাদের রক্ষা করতে হবে। বন না কেটেও শহর বানানো যায়।
পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো আবদুস সবুর এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
বার্তা বাজার/এসজে