এবার রাজধানীতে নতুন মাদকের সন্ধান পেলো গোয়েন্দা পুলিশ। নাম এস্কাফ। ব্যথানাশক এই উপাদান দিয়ে তৈরি করা যায় ফেনসিডিলের মতো মাদকও। রাতের আঁধারে সবজির ট্রাকে রাজধানীতে ঢোকার সময় ধরা পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।
মাদকের সন্ধানে মধ্যরাতে রাজধানীর খিলগাঁও এলাকায় ব্যারিকেড দেয় গোয়েন্দা দল। টের পেয়ে ট্রাক রেখেই পালানোর চেষ্টা করে মাদক কারবারিরা। পিছু নেয় পুলিশ।
পরিত্যক্ত একটি জায়গায় ধরা পড়ে চারজন। তবে, তার আগেই রাস্তার পাশে ঝোপের ভেতরে লুকিয়ে রাখে মাদক।
কিন্তু, খোঁজাখুঁজি করে সেটি বের করে ফেলে পুলিশ। উদ্ধার হয় ১৮৪ বোতল এস্কাফ নামে নতুন ধরনের মাদক। সাথে জব্দ হয় ২শ’ কেজি গাঁজা।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, পাশের একটি দেশ থেকে সীমান্ত হয়ে দেশে এসেছে এই মাদক। যা দেড় থেকে দুই হাজার টাকায় প্রতি বোতল বিক্রির পরিকল্পনা ছিল তাদের।
বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত ব্যথানাশক। যা দিয়ে ফেনসিডিলের মতো মাদক তৈরি হয়।
গেল এক মাসে এ নিয়ে তৃতীয়বার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লো নতুন ধরনের মাদক।
বার্তাবাজার/ই.এইচ.এম