স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্জন চোখে দেখা যায় না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্জন চোখে দেখা যায় না। শনিবার (২৬ জুন) ‘দ্য ন্যাশনাল বাজেট ২০২১-২২ প্রাইভেট সেক্টর পাসপেকটিভ’ শীর্ষক এক ওয়েবিনার আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাস্থ্যের অর্জন চোখে দেখা যায় না। কোনো মন্ত্রণালয় একটা রাস্তা করলে সেটা চোখে দেখা যায়। কোনো মন্ত্রণালয় আকাশে স্যাটেলাইট উড়ালে চোখে দেখা যায়। কিন্তু চিকিৎসা খাতে মায়ের মৃত্যু, শিশু মৃত্যুর হার এসব কমলে চোখে পড়ে না এগুলো গভীরে গিয়ে দেখতে হয়। এছাড়া স্বাস্থ্যমন্ত্রণালয়ের অর্থ বরাদ্দও কম থাকে।

তিনি আরো বলেন, কৃষি হচ্ছে আমাদের অর্থনীতির মেইন পিলার। বাংলাদেশ আওয়ামী লীগ কৃষিকে বাদ দিয়ে কিছু চিন্তা করতে পারে না। কৃষি এবং কৃষকদের নিয়ে কাজ করছে সরকার। তবে আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে এটা বুঝতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাজেটে ঘাটতি আছে এটা ঠিক। তবে পূর্বের তুলনায় যে বেড়েছে এটি অস্বীকার করা যাবে না। আমাদের আমলাতন্ত্রকে সংস্কারের প্রয়োজন আছে। এটা আমাদেরই করতে হবে। প্রকল্প বাস্তবায়নে টাইম ওভার রান আছে। কিন্তু সেটি এখন কমে আসছে।

তিনি যোগ করে বলেন, দেশে দুর্নীতি আছে। এটা কমানোর চেষ্টা করছে সরকার। দেশের অর্থনীতির চালক হচ্ছে বেসরকারি খাত। মূল অর্থনীতির ৮০-৮৫ ভাগ বেসরকারি খাতের হাতে। এজন্য তাদের সুযোগ-সুবিধার দিকটি নিশ্চিত করা হচ্ছে।

বাংলাদেশ ইন্টার প্রাইজ ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর