মাদারীপুরের কালকিনিতে কানন তালুকদার (৬০) নামের এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকার পশ্চিম শশীকর গ্রামে নিজ বাড়ির পাশের ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধা একই গ্রামের হরলাল তালুকদারের স্ত্রী। এ ঘটনায় বৃদ্ধার ছেলে হিরনময় তালুকদারকে(১৯) আটক করেছে পুলিশ।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত (২৩ জুন) বুধবার ডাসার থানার নবগ্রাম এলাকার পশ্চিম শশীকর গ্রামের নিজ বাড়ি থেকে হঠাৎ করে নিখোঁজ হন বৃদ্ধা কানন তালুকদার।
এর তিনদিন পর শনিবার (২৬ জুন) দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় ওই বৃদ্ধার লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
এসময় ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। এবং ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে নিহতের ছেলেকে শনিবার সন্ধ্যায় আটক করা হয়েছে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি