আগামী সোমবার (২৮ জুন) থেকে কার্যকর হতে যাওয়া লকডাউন না মামলার জরিমানার পাশাপাশি জেলে যাওয়ারও বিধান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের ডিসি মমিমুর রহমান। আসন্ন লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিতে প্রশাসন প্রস্তুত আছে বলে জানান তিনি।
শনিবার (২৬ জুন) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে তিনি এ তথ্য জানান।
চট্টগ্রামের ডিসি বলেন, সংক্রামক ব্যাধি যে আইনটি পাস হয়েছে, সেখানে বলা আছে নির্দেশনা অমান্য করলে আর্থিক জরিমানার পাশাপাশি জেল দেওয়ার বিধান রয়েছে। আমরা মানুষকে অহেতুক জেল দিতে চাই না। তাদের সচেতন করতে চাই। তারা যেন ঘরে থাকে।
তিনি জানান, কেউ যদি সচেতন না হয়ে লকডাউন অমান্য করে তাহলে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসবো। আগের চেয়ে বড় অংকের জরিমানা করবো। পাশাপাশি এবার আমরা প্রয়োজনে জেলহাজতে পাঠাবো। গতবার আমরা ব্যবসায়ীদের অল্প পরিমাণ অর্থদণ্ড দিয়েছিলাম। কিন্তু এবার যদি কোনও ব্যবসায়ী আইন অমান্য করেন তাকে বড় অংকের জরিমানা করা হবে।
জেলা প্রশাসক বলেন, লকডাউন বাস্তবায়নে চট্টগ্রামে জেলা প্রশাসন, পুলিশ, আনসার, বিজিবি এবং আমাদের স্বেচ্ছাসেবকরা মাঠে থাকবেন। সেনাবাহিনী নামবে কিনা এটি এখনও নিশ্চিত নয়। মহানগর এলাকায় আমাদের মোবাইল কোর্টের ১২টি টিম, প্রত্যেক উপজেলায় তিনটি করে টিম কাজ করবে।
এর আগে দুপুরে নগরীর জলাবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দুষণ ও দখল রোধে গৃহীত পদক্ষেপের পর্যালোচনা সম্পর্কিত এক মতবিনিময় সভায় অংশ নেন।
বার্তা বাজার/এসজে