বাংলাদেশ লকডাউন নির্ভর না হয়ে ভ্যাকসিন নির্ভর হতে চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তবে সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ায় সর্বাত্মক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তিনি জানান।
শনিবার (২৬ জুন) বিকালে মানিকগঞ্জ জেলার গড়পাড়া গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত কয়েকদিনে দেশে করোনায় মৃত্যুর হার অতিমাত্রায় বেড়েছে। গতকালও একদিনে মারা গেছে ১০৮ জন। প্রতিটি জেলায় বাড়ছে সংক্রমণ। বিশেষ করে খুলনা ও রাজশাহীতে ভয়াবহ আকার ধারণ করেছে ভাইরাসটি।
তিনি আরও বলেন, দেশের বর্তমান সংক্রমণের হার ২২ শতাংশ। কিন্তু মানুষজন লকডাউন মানতে চায় না। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও মানুষজনের অনীহা রয়েছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে।
লকডাউনের কার্যকরীতা সম্পর্কে তিনি বলেন, অন্যান্য দেশও কঠোরভাবে লকডাউন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে লকডাউনে অর্থনীতিসহ বিভিন্নভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়; কিন্তু যতদিন অধিকাংশ মানুষকে টিকার আওতায় না আনা যাচ্ছে ততদিন এর বিকল্প নেই।
বার্তা বাজার/এসজে