তারেক-বিএনপি নিয়ে সমালোচনা, তোপের মুখে ডা. জাফরুল্লাহ
বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় ডা. জাফরুল্লাহর সাথে বাকবিতণ্ডায় জড়ালেন ছাত্রদলের এক নেতা। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
শনিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের আলোচনা সভার বিষয় ছিলো ‘শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি এবং করোনাকালীন শিক্ষা বাজেট’। তবে, আলোচনায় চলে আসে সাম্প্রতিক রাজনীতি। প্রধান অতিথির বক্তব্যে, ডা. জাফরুল্লাহ চৌধুরী সমালোচনা করেন বর্তমান বিরোধী দলীয় অবস্থানের।
এসময় তিনি বলেন, ‘আমি বারে বারে বলেছি, তারেক রহমানকে দুই বছর চুপচাপ বসে থাকো। পারো তো বিলাতে লেখাপড়াতে যুক্ত হয়ে যাও। সেখানে বহুভাবে লেখাপড়া করা যায়।’
এমন বক্তব্যের একপর্যায়ে দর্শক সারিতে দাঁড়িয়ে থাকা ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ওমর ফারুক কাউসার প্রতিবাদ জানিয়ে, সালাম দিয়ে বলেন, ‘স্যার আপনি বিএনপির কে? আপনি সবসময় বিএনপিকে নিয়ে উল্টা-পাল্টা কথা বলেন।’ মিনিট পাঁচেক চলে এ বাকবিতণ্ডা।
পরে, দলীয় নেতাকর্মীরা বাইরে বের করে নিয়ে যান ছাত্রদলের ওই নেতাকে। মাঝপথে থেমে যাওয়া বক্তব্য আবার শুরু করেন ডা. জাফরুল্লাহ। জানান, দেশ জাতির ভালোর জন্য কাউকেই সমালোচনা করতে ছাড়বেন না তিনি।
এছাড়া অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন।
বার্তাবাজার/ই.এইচ.এম