ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীও ভূমিখেকো: হামাস

দখলদার ইসরাইলের পূর্বের শাসকদের ন্যায় নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতও ভূমিখেকো বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু।

ইসরাইলের পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেছেন, ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীও তার আগের শাসকদের মতো ফিলিস্তিনিদের আরও বেশি ভূমি দখল করতে চায়।

তিনি বলেন, ইতোমধ্যে বেনেত তার প্রমাণও দিয়েছে। পশ্চিম তীরের সর্বত্র গণপ্রতিরোধ ও ইন্তিফাদা জোরদার করাই হচ্ছে দখলদারদের আধিপত্য ও উপশহর নির্মাণ পরিকল্পনা ঠেকানোর সর্বোত্তম উপায়।

আল কানু আরো বলেছেন, পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের ৩১টি প্রকল্প অনুমোদন করেছে ইসরাইলের মন্ত্রিসভা। এ থেকে প্রমাণিত হয় ইসরাইলের নাফতালি বেনেতের সরকার উগ্রপন্থী ও ভুমিখেকো।

গত বুধবার ইসরাইলের মন্ত্রিসভা পশ্চিম তীরে ৩১টি ইহুদি উপশহর নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে। ক্ষমতা গ্রহণের পর নাফতালি বেনেতের মন্ত্রিসভা এই প্রথম এ সংক্রান্ত বিল অনুমোদন করল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর