প্রজ্ঞাপনের অপেক্ষায় শিল্প কারখানা খোলা রেখে ‘কঠোর লকডাউন’

সোমবার থেকে সারাদেশে কঠোরতর লকডাউন কার্যকর হবে। তবে আসন্ন লকডাউনে কি কি আওতামুক্ত থাকবে সে বিষয়ে এখনও কিছু সুস্পষ্ট জানা যায়নি।

শুধু জানা গেছে এবারও লকডাউনের সময় বিশেষ বিবেচনায় খোলা রাখা হবে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো। তবে কঠোর লকডাউনের মধ্যে শিল্প প্রতিষ্ঠান চালু রাখা হলে এর সফলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে সোমবার থেকে কার্যকর হতে যাওয়া লকডাউনের ব্যাপারে শনিবার (২৬ জুন) বিকাল ৫টা নাগাদ কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এসময় খুব জরুরি পরিসেবা ছাড়া সব ধরণের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা খাতে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।

তবে শনিবার (২৬ জুন) বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মো. হাতেম বলেন, গতকাল রাতে কেবিনেট সেক্রেটারির সাথে আমার কথা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন কঠোর স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা চলবে। পোশাক কারখানা বন্ধ করে দিলে শ্রমিকরা গ্রামে ছুটবে। এতে করোনার সংক্রমণ আরও বাড়বে। এছাড়া সামনে ঈদ। পোশাক কারখানা বন্ধ থাকলে আমরা বেতন বোনাস পরিশোধ করতে পারবো না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর