শিক্ষার্থীদের সুবিধার্থে ৮ বিভাগে যাবে কুবির বাস
পরীক্ষা স্থগিত হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস দিয়ে বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২৬ জুন) সকাল ৬ টায় ক্যাম্পাস থেকে আটটি বাস রওনা হয়। এই আটটি বাসের মধ্যে চারটি বাস গেছে চট্টগ্রাম ও বাকি চারটি বাস গিয়েছে ঢাকা। এরপর ঢাকা ও চট্টগ্রাম আরো একটি করে বাস পাঠানো হয়।
রাতে রাজশাহী, রংপুর ও খুলনার উদ্দেশ্যে একটি করে বাস রউনা হবে। সিলেট ও ময়মনসিংহের উদ্দেশ্যে দুইটি করে এছাড়াও বরিশালের উদ্দেশ্যে বাস অথবা মাইক্রোবাস যাবে।
এর আগে, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে আহ্বায়ক করে গঠিত প্রক্টোরিয়াল বডির সদস্য ও হল প্রভোস্টদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, আমরা চাই শিক্ষার্থীরা পূর্ণ নিরাপদে বাসায় ফিরে যাক। তাই শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করে দেশের প্রত্যেক বিভাগীয় শহর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস পাঠাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার জাহিদুল আলম জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল বাস ব্যবহার করছি। আসলে শিক্ষার্থী তুলনায় বাস অপ্রতুল। তবুও চেষ্টা করছি যাতে শিক্ষার্থীদের অসুবিধা না হয়।
উল্লেখ্য, কোভিড- ১৯ পরিস্থিতির কারণে স্থগিত থাকা পরীক্ষাগুলো গত ১৩ জুন থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিতে শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সাজ্জাদ বাসার/বার্তা বাজা/টি