সিরাজগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে কিন্ডারগার্টেন খুলে পাঠদান করায় পরিচালককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ জুন) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মৈষামুড়া এলাকায় সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন নামের ওই প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল হালিমকে এ অর্থদণ্ড করেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ দণ্ডাদেশ দেন।
তিনি জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে ওই প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পাঠদানকালে সরেজমিনে গেলে দেখা যায় শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।
এসময় পরিচালক ভ্রাম্যমাণ আদালতের কাছে তাদের অপরাধ স্বীকার করেন। সরকারি নির্দেশ অমান্য করে শিশুদের মধ্যে সংক্রামক ছড়ানোর সুযোগ দিয়ে তাদের জীবন ঝুঁকিতে ফেলার দায়ে তাদেরকে এ দণ্ড দেওয়া হয়। এ সময় আদালত কর্তৃপক্ষকে পরবর্তী সময়ে এ ধরনের অপরাধ না করার জন্য সতর্ক করেন।
মালেক/বার্তা বাজার/এফএইচপি