আখাউড়া-ধরখার সড়ক বালু ব্যবসায়ীদের দখলে, দুর্ভোগে জনসাধারণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বালু সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আছেন সড়কে চলাচলকারী সাধারণ জনগণ। আখাউড়া থেকে ধরখার যাওয়ার একমাত্র সড়কটি ধরখার অংশে বড় বড় বালুর স্তুপ দিয়ে এক পাশ দখল করে রেখেছেন প্রভাবশালী বালু ব্যবসায়ীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার বাসস্ট্যান্ডের পূর্বদিকে ধরখার-আখাউড়া সড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই বালু ব্যবসায়ীদের দাপট। তারা সড়কের উপর ড্রামট্রাক ও মাহিন্দ্রা ট্রাক্টরে বালু বোঝাই করে সড়কে যানচলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করেছে, এতে করে এই সড়কটিতে ভাঙ্গন শুরু হয়েছে।এই বালু ব্যবসায়ীরা এলাকার প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এই বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে এই সড়কে বালু রেখে তারা তাদের ব্যবসা করে যাচ্ছে। এতে করে বৃষ্টির দিনে কাঁদা আর বৃষ্টি না থাকলে ধুলোময় হয় পুরো এলাকা। যে কোন সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। সবচেয়ে বড় বিষয়টি হলো এই সড়কটি ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এই এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন সবার নিরব ভূমিকা নিয়ে জনমনে জন্ম দিয়েছেন নানা প্রশ্ন।

এ বিষয়ে জানতে চাইলে বালু ব্যবসায়ী মেসার্স ওমর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ওসমান গনী ভুঁইয়া বলেন, আমরা এখানে রেখে সবসময় ব্যবসা করিনা, মাল শেষ তাই কিছু মালের অর্ডার ছিলো তার জন্য এখানে রেখেছি ২-৩ দিনের ভিতরে মাল ডেলিভারি দিয়ে শেষ হলে সড়কটি পরিস্কার করে দিবো আর যদি নষ্ট হয়ে থাকে আমি নিজে মেরামত করে দিবো।

এ ব্যপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম বলেন, এ বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর