ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শুক্রবার (২৫ জুন) রাতে খামারগাঁও গ্রামে এক সাংবাদিকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। এরআগে গত বৃহস্পতিবার রাতে একই গ্রামে আরও একটি গরু ও ছাগল চুরি হওয়াসহ বেশ কয়েকটি খামারে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে।
এ অবস্থায় ঈদকে সামনে রেখে খামারগাঁওসহ আশপাশের গ্রামগুলোতে খামারিদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একটি জাতীয় দৈনিকের নান্দাইল প্রতিনিধি মজুমদার প্রবালের থালাবদ্ধ গোয়ালঘরে তিনটি গরু রাখা ছিল। শুক্রবার রাতের কোন এক সময় তিনটি গরুই চুরি হয়ে যায়।
মজুমদার প্রবাল জানান, তার গোয়ালে একটি ষাড়, একটি গাভী ও একটি বাছুর ছিল। কিছুদিন ধরে নান্দাইলের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছে। তাই তিনি গোয়ালঘরে গরুগুলোকে থালাবদ্ধ করে রাখতেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন তিনটি গরুই চুরি করে নিয়ে যায় চোর।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, চুরি হওয়া গরু উদ্ধার ও চোর দলের সদস্যদের আটকের চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় চুরির বিষয়ে পুলিশ ও চৌকিদার দিয়ে রাতে পাহারার ব্যবস্থা করা হচ্ছে। নির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
মজিবুর রহমান ফয়সাল/বার্তা বাজার/এফএইচপি