প্রশাসন-পুলিশকে ফাঁকি দেওয়া যায়, মৃত্যুকে নয়: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লকডাউন চলাকালে প্রশাসন ও পুলিশকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। তাই স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা জীবন থেকে আমাদের ছিটকে দিতে পারে।
শনিবার (২৬ জুন) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।
মহামারি করোনাভাইরাসের আগ্রাসন রূপ ঠেকাতে কঠোর লকডাউনে নিজেকে সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি না মেনে অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা করলে আমাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। আর সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন। তাই এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে।
মানুষের জীবনের সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে পালনের জন্য সবার প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে আগামী ২৮ জুন থেকে সারাদেশে সাতদিনের জন্য কঠোর লকডাউন শুরু হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না।
বার্তা বাজার/নব