বিএনপির বর্তমান হতাশাগ্রস্ত, ভবিষ্যত কুয়াশাচ্ছন্ন: ওবায়দুল কাদের

বিএনপির বর্তমান যেমন হতাশাগ্রস্ত তাদের ভবিষ্যত তেমনি কুয়াশাচ্ছন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৬ জুন) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপিকে সংকটের অক্টোপাস ঝেঁকে ধরেছে। নেতাদের হঠকারিতায় তাদের রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে অবস্থান করছে। আর তাই বিএনপি তাদের ব্যর্থতা লুকাতে আবোল-তাবোল বকছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে বিষোদগার না করলে তাদের পেটের ভাত হজম হয় না।

বিএনপি এ দেশের ব্রান্ডেড অত্যাচারী ও জনগণের সম্পদ লুণ্ঠনকারী রাজনৈতিক দল বলেও মন্তব্য করেছেন সেতুমন্ত্রী।

দেশে নাকি এখন চরম দুঃসময় চলছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে কাদের বলেন, দেশে নয়, চরম দুঃসময় চলছে বিএনপির রাজনীতিতে। শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, সিদ্ধান্তহীনতা, নির্বাচনবিমূখতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপিকে দিন দিন জনবিচ্ছিন্ন করছে।

সরকার জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা বিএনপির চিরাচরিত কল্পিত অভিযোগের ফানুস উড়ানো নিত্যদিনের রুটিন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর