৫ হাজার টাকার জন্য অটোচালক খুন, ৩ আসামী গ্রেফতার
বগুড়ার শেরপুরের চকখানপুর এলাকায় অটোচালক টুটুল (১৬) হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবারব (২৬ জুন) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- প্রধান আসামী সেলিম রেজা (২৫), সবুজ আলী শেখ (৩৬) ও মাজেম আলী সরকার (৪৫)।
প্রেস ব্রিফিংয়ে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের হান্নান মন্ডলের ছেলে এমরান হোসেন টুটুলের সাথে দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের আমজাদ হোসেনের ছেলে সেলিম রেজা বন্ধুত্ব গড়ে ওঠে।
এরই এক পর্যায়ে গত ১ মে সকালে ঘোরাফেরা করার জন্য সোনামূখী বাজার এলাকা থেকে ৩০০ টাকায় অটোরিক্সা ভাড়া করে। ঘুরতে ঘুরতে শেরপুরের চক কল্যানী এলাকায় অটোভ্যান রেখে বাঙালি নদী পার হয়ে খানপুর ইউনিয়নের চক খানপুর গ্রামের একটি বাঁশঝাড়ের ভিতরে গিয়ে দুজনে মাদকদ্রব্য সেবন করে।
এ সময় টুটুলের ঘুমের ভাব আসলে এই সুযোগে সেলিম নতুন গামছা দিয়ে টুটুলের গলা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে অটোভ্যান নিয়ে সেলিম রেজা পালিয়ে যায়। সেই অটোভ্যানটি সুঘাট ইউনিয়নের সরিফ পুরাতন অটোভ্যান ক্রয় বিক্রয়কারী সুঘাট গ্রামের তোফাজ্জল হোসেন শেখের ছেলে সবুজ আলী শেখের কাছে ৫ হাজার টাকায় বিক্রি করে।
পরে ১৩ হাজার টাকায় ধুনট উপজেলার নাগেশ্বরগাতী গ্রামের মৃত আবেদ আলী সরকারের ছেলে মাজেম আলী সরকারের কাছে বিক্রি করা হয় অটোভ্যানটি। হত্যা মামলা হওয়ার পর পুলিশ অনুসন্ধান চালিয়ে হত্যার মূল আসামী সেলিম রেজাকে ঢাকার সাভার এলাকা ও অন্য দুই আসামীকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে এবং অটোভ্যানটি উদ্ধার করে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাশেদুল হক/বার্তা বাজার/এফএইচপি