যশোরে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৭০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন।
গত ২৪ ঘণ্টায় ৯৫১ জনের নমুনা পরীক্ষায় ৪৭০ জনের করোনা শনাক্ত হয়। মৃত ৮ জনের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়ে ও পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
শনিবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন শেখ আবু শাহীন।
তিনি বলেন, এ মাসের শুরু থেকেই যশোরে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। বর্তমানে সংক্রমণের হার ৪০ থেকে ৫০ এর মধ্যে ওঠানামা করছে। সংক্রমণ রোধে প্রথম দিকে আমরা পৌরসভার ওয়ার্ডভিত্তিক ও পরে সব জেলা লকডাউনের আওতায় নিয়ে আসি।
তিনি আরও বলেন, রোগীর চাপ সামলাতে নতুন ওয়ার্ড খোলার পাশাপাশি চিকিৎসা কার্যক্রম বাড়ানো হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতা বাড়াতে হবে। সরকারি আদেশ মানতে হবে এবং বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
বার্তা বাজার/নব