সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার একদিন পর বাক প্রতিবন্ধী আদিবা খাতুন (৫) নামের এক শিশুর মরদেহ বাড়ির অদূরে একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) সকালে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
নিহত আদিবা বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। পরিবারের ধারনা পরিকল্পিতভাবে আদিবাকে হত্যা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টার দিকে নিখোঁজ হলে বিভিন্ন স্থানে সন্ধান করেও পাওয়া যায়নি আদিবাকে। পরে বেলকুচি থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়রি করে পরিবার। শনিবার সকালে স্থানীয়রা গাড়ামাসী গ্রামের আব্দুর রহমানের বাড়ি পিছনে একটি ডোবার পানিতে আদিবাকে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধার করার পর প্রাথমিকভাবে আদিবার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মারা যাওয়ার কারন সম্পর্কে জানা যাবে।
মালেক/বার্তা বাজার/এফএইচপি