শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা হচ্ছে না।

দেশে করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়। এদিকে আগামী ২৮ জুন থেকে সারাদেশে ৭ দিনের লকডাউন কার্যকর হবে। এমতাবস্থায় যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে শঙ্কা রয়েছে।

শিক্ষামন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, করোনা সংক্রমণের হার ক্রমেই বাড়ছে। সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি বুঝে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানাবেন। এ কারণে কয়েকদিন অপেক্ষা করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, পরিস্থিতি ভালো না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। আমরা কাউকে ঝুঁকির মধ্যে দেখতে চাই না। শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরো বাড়ানো হতে পারে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সব ধরণের প্রস্তুতি আমাদের রয়েছে। সরকারের নির্দেশনা পেলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে।

দেশে আগামী ২৮ জুন থেকে সাতদিনের লকডাউন শুরু হবে। এ সময় জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর