এবার অজুহাত দেখিয়ে বের হলেই কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
করোনা ভাইরাসের উর্ধ্বগতি রোধে সোমবার (২৮ জুন) থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের ঘোষণা করেছে সরকার। এ লকডাউন কার্যকর হওয়ার সাথে সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ ও লকডাউনের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ আগের চেয়ে কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শুক্রবার (২৫ জুন) রাতে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘এবার লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারী কাউকে ছাড় দেবে না পুলিশ। গত লকডাউনে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়েছিলেন। কিন্তু এবার তা হতে দেয়া হবে না।’
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে থাকবে পুলিশের চেকপোস্ট। সঠিক কারণ না দেখাতে পারলে এবার আর কাউকে চেকপোস্ট পার হতে দেয়া হবে না। করোনা ভাইরাসের উর্ধ্বগতি রোধে এবার কঠোর ভূমিকায় কাজ করবে পুলিশ।’
তিনি আরো বলেন, ‘বিনা কারণে যদি কেউ রাস্তায় বের হয় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বাসায় ফেরত পাঠানো হবে।’
উল্লেখ্য, শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড ১৯ সংক্রমন প্রতিরোধে আগামী সোমবার ২৮শে জুন ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
জরুরী পরিসেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে। জরুরী কারণ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এ সময় জরুরী পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।
গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম