করোনা সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে জরুরী প্রয়োজনে বাইরে বের হলে লাগবে ‘মুভমেন্ট পাস’। তবে এ বিষয়ে শনিবার (২৬ জুন) সিদ্ধান্ত জানা যাবে।
লকডাউন চলাকালে বিশেষ কয়েকটি কারণে এবং পুলিশের দেয়া মুভমেন্ট পাস ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে না।মুভমেন্ট পাসের বিষয়ে শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানায় পুলিশ সদর দফতর।
এদিকে, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, ‘লকডাউন ও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কাউতে ছাড় দেওয়া হবে না। এর আগের লকডাউনে কোনো না কোনো অজুহাতে রাস্তায় বের হয়েছিল। এবার তা দেওয়া হবে না।’
পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, করোনার টিকা গ্রহণ, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে নাগরিকেরা মুভমেন্ট পাস নিতে পারবেন।
https://movementpass.police.gov.bd/ লিংকে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে মোবাইল নম্বরটি প্রবেশ করাতে হবে। এরপর গ্রাহকের মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) চলে যাবে। ওটিপি প্রবেশ করালে পাসের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে।
বার্তা বাজার/টি