তারিকুল ইসলাম, জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ৫৯নং কুসুমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাজার স্থাপন। বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৪৬ শতাংশ জমির উপর কুসুমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমীক পাকা ভবন ও একটি হাফ বিল্ডিং ভবন এবং বড় একটি মাঠ রয়েছে। এর মধ্যে একটি পাকা ভবনে ২টি শ্রেণি কক্ষ এবং আরেক অংশে হাফ বিল্ডিংয়ে ৩টি শ্রেণি কক্ষসহ দুটি ভবনে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে পাঠদান দিয়ে আসছেন প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকগণ। এদিকে বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি টিফিনের বিরতির সময় বিদ্যালয়ে আসা কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে প্রতিদিন বাজার এবং দোকান বসানোর জন্য পতাকা উত্তোলনের সমাবেশ জমায়েত ও খেলাধুলা করতে পারছেনা। এতে করে পাঠদানসহ বিভিন্ন দিবসের কর্মকান্ড করতে পারছেনা বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা।
কুসুমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে গড়ে উঠা বাজারে দোকানপাঠ উচ্ছেদের জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনা ফিরিয়ে আনতে বিদ্যালয়ের জমির পরিমাপ ও সীমানা নির্ধারনের জন্য হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে লছমনপুর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়ার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বার্তা বাজারকে জানান, কুসুমহাটি বাজারের জায়গা বাজারকে বুঝিয়ে দেয়া হোক আর স্কুলের জায়গা পরিমাপ করে স্কুলকে বুঝিয়ে দেয়া হোক।
অপরদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন বার্তা বাজারকে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।