চলমান করোনার ঊর্ধ্বগতি সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ উপেক্ষা করেই মুন্সীগঞ্জের শিমুলিয়া-ঘাটে ফেরিতে গাদাগাদি করে চলছে যাত্রী পারাপার।
এরই মধ্যে ১৪ দিনের শাটডাউন ঘোষণা আসতে পারে এমন আশংকায় শুক্রবার (২৫ জুন) সকাল থেকে আরোও বেড়েছে যাত্রীর চাপ।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ভোর রাত থেকে এই নৌরুটের ফেরিগুলোতে ঢাকা ও দক্ষিণবঙ্গগামী উভয়মুখী যাত্রীদের স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই পদ্মা পাড়ি দিতে দেখা গেছে। যাত্রীদের পাশাপাশি এসব ফেরিতে একসংগে পারাপার হচ্ছে পণ্যবাহী ও জরুরি যানবাহন।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, লকডাউনে ৫টি ফেরি দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল সচল রাখা হলেও ঘাটে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় ১৪টি ফেরি দিয়ে চলছে যাত্রী ও যানবাহন পাড়াপাড়।
উল্লেখ্য, কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার ২৮শে জুন ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
এসময় জরুরী পরিসেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে। জরুরী কারণ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এ সময় জরুরী পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।
বার্তাবাজার/ই.এইচ.এম