করোনার টিকার বদলে পাউডার গোলানো পানি পুশ করে প্রতারণা করা হয় যাদবপুরের তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে। মঙ্গলবার (২২ জুন) কসবার এক ভ্যাকসিনেশন ক্যাম্পে হাজির হয়ে টিকা নিয়েছিলেন মিমি, পরবর্তীতে তিনি খোঁজ-খবর নিয়ে জানতে পারেন ওই টিকা ক্যাম্প সম্পূর্ণ ভুয়া।
কসবা ভুয়া ভ্যাকসিনেশন ক্যাম্পে সম্ভবত করোনার টিকার নামে বিসিজি বা হামের ভ্যাকসিন অথবা নেহাতই কোনও পাউডার গোলা পানি পেয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্য সাধারণ মানুষ। এ দিনই এমনই চাঞ্চল্যকর দাবি করেছে কলকাতা পুরসভা।
ভুয়া টিকার খবর জানতে পেরে মিমি বলেন, ‘পুরসভার ফরেন্সিক বিশেষজ্ঞদের মুখে খবরটা পাওয়ার পরেই আমি চিন্তায় পড়ে যাই। চিকিৎসককে ফোন করি। তিনি বলেন, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, যেটা জলে গুলে দেওয়া হয়েছে। পেট এবং মূত্র সংক্রমণে এই ওষুধ দেওয়া হয়। এটা খুবই কড়া ওষুধ। জলে মিশিয়ে দেওয়া হয়েছে বলে সম্ভবত সে রকম ক্ষতি করবে না বলে জানালেন চিকিৎসক।’
প্রসঙ্গত কসবার ওই ক্যাম্প থেকেই টিকা নেন অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তী। টিকা নেওয়ার পর সন্দেহ হওয়ায় তিনিই প্রথম বিষয়টি পুলিশের নজরে আনেন। গোটা ঘটনার পিছনে ছিল দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি। পরবর্তী এই সাংসদের তত্পরতাতেই গ্রেফতার হন গোটা চক্রের মূল হোতা দেবাঞ্জন দেব।
বার্তাবাজার/ই.এইচ.এম