কলাপাড়ায় করোনা আক্রান্তের হার ৬০.৯৩ শতাংশ

পটুয়াখালীর কলাপাড়ায় করোনায় আক্রান্তের হার হঠাৎ করে বেড়ে গেছে। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী গত ছয় দিনে উপজেলায় ৬৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা পজেটিভ হয়েছে ৩৯ জন। আক্রান্তের হার ৬০ দশমিক ৯৩ ভাগ।

এদিকে আক্রান্তের হার বাড়লেই কলাপাড়ায় স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের নেই কোন তৎপরতা। বাজার থেকে গ্রাম্য হাট, মহল্লা কোথাও নেই কোন স্বাস্থ্য সুরক্ষার বালাই।

কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, গত ২৪ জুন ১৪ জনের পরীক্ষায় ৮ জন, ২৩ জুন ৯ জনের পরীক্ষায় ৫ জন, ২২ জুন তিন জনের পরীক্ষায় এক জন, ২১ জুন সাত জনের পরীক্ষায় চার জন, ২০ জুন ১৪ জনের পরীক্ষায় ১২ জন এবং ১৯ জুন ১৭ জনের পরীক্ষায় ৯ জন করোনা পজেটিভ হয়েছে।

উপজলায় এখন আর্টিফিসিয়াল ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। তবে জেনম সিকোয়েন্স ল্যাবে পরীক্ষা করলে এ সংখ্যা আরও বাড়তে পারে। কেননা ২০ জুন ১৩ জন আর্টিফিসিয়াল ল্যাবে পরীক্ষায় করোনা নিগেটিভ আসলেও জেনম সিকোয়েন্স ল্যাবে পরীক্ষায় ১১জন করোনা পজেটিভ হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী কলাপাড়ায় ২৭ জন আইসোলেশন ও ৬ জন হোম কোয়ারেন্টাইনে থাকলেও বাস্তবে তারা এখন ঘুরে বেড়াচ্ছে। যদিও দুইজন চিকিৎসক তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে স্বাস্থ্য প্রশাসক জানান। তবে শহরের চেয়ে গ্রামে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত সংক্রমিত এলাকার শ্রমিকরাই বেশি আক্রান্ত হচ্ছে।

করোনায় আক্রান্ত হয়ে কলাপাড়ায় এ পর্যন্ত মারা গেছে ৮ জন। উপসর্গ নিয়ে মারা গেছে ৫ জন। উপজেলায় তিন হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষা হয়। ২৪ জুন পর্যন্ত করোনা সনাক্ত হয় ৩৯৩ জন। যদিও গত ছয়দিনে ভয়াবহ আকার ধারন করেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, করোনা সংক্রমন রোধে তারা প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। তবে সংক্রমন বৃদ্ধি পাওয়ার বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হচ্ছে।

আহম্মেদ পাশা তানভীর/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর