দশ দিনের মধ্যে দেশে আসবে মডার্নার টিকা

১০ দিনের মধ্যে মডার্নার ২৫ লাখ করোনার টিকা আসবে। একই সাথে চীনের টিকার বড় চালান আসতে পারে। শুক্রবার (২৫শে জুন) এ কথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে গত ৭ই ফেব্রুয়ারি থেকে দেশে প্রথম ডোজের গণটিকাদান কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয় এর আট সপ্তাহ পর ৮ই এপ্রিল থেকে। টিকার সংকট দেখা দেওয়ায় গত ২৭ এপ্রিল থেকে প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ রাখা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাংলাদেশের হাতে মোট ১ কোটি ২ লাখ ডোজ টিকা ছিল। ইতিমধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮১১ জন। তাদের সবার দ্বিতীয় ডোজ টিকা নিশ্চিত করতে মোট ১ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৬২২ ডোজ টিকা প্রয়োজন।

বুধবার পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩২ লাখ ১০ হাজার ৫০৯ জন। প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শেষে বুধবার পর্যন্ত সরকারের হাতে টিকা মজুত আছে ১১ লাখ ৬৯ হাজার ৬৮০ ডোজ। অর্থাৎ এখন পর্যন্ত সরকারের হাতে যে মজুত আছে, তা দেওয়া হলে মোট ৪৩ লাখ ৮০ হাজার ১৮৯ জন মানুষ ২ ডোজ করে টিকা পাবেন।

সে হিসাবে প্রথম ডোজ টিকা নিয়েছেন এমন ১৪ লাখ ৩৯ হাজার ৬২২ জনের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়ে যাচ্ছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর