ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়কের বেহাল দশা ও ভাঙ্গাচুরা রাস্তা থেকে মুক্তি ও সড়কটির সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী এলাকাবাসী।
এই সময় সড়কের সামনে দাড়িয়ে মানববন্ধনে গ্রামবাসীদের পক্ষে তারা বলেন,আমাদের এলাকার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক ব্যাপক উন্নয়নের কাজ করছেন। কিন্তু আমরা এই উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত। নূরপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, মসজিদ,গোরস্থান, ২টি মাদরাসা ও বাজার রয়েছে।
একটি মাত্র রাস্তা দিয়ে গ্রামবাসীদের চলাচল করতে হয়। ২০০২ সালে রাস্তাটি হয়েছিল। এখন বৃষ্টি হলে কাদার জন্য রাস্তা দিয়ে চলাচল করতে পারিনা। গাড়ি উল্টে প্রায়ই দূর্ঘটনার সৃষ্টি হয়।দূর্ঘটনায় আহত হয়েছেন অনেক মানুষ। চেয়ারম্যান, মেম্বার ও নেতাদের কাছে অনেক গিয়েছি কিন্তু কারও সাড়া পায়নি। দেখেও যেন না দেখার ভান করছে তারা।
নূরপুর প্রাথমিক বিদ্যায়লের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হক বলেন,নুরপুর মোড়ের উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত গ্রামের মধ্যে একটি মাত্র রাস্তা। তিনহাজারের চেয়ে বেশি লোকজনের বসবাস গ্রামে। ছাত্রছাত্রীদের যাতায়াতে অনেক কষ্ট হয়।অনেক দুঃখ প্রকাশ করছি যে বিশ বছর যাবৎ রাস্তাটির সংস্কার হচ্ছেনা।
রাস্তাটি দ্রুত সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করার জন্য স্থানীয় সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক,চেয়ারম্যান সহ দায়িত্বশীল কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন গ্রামবাসীরা।
মনিয়ন্ধ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাছির বলেন, শাহ আলম এমপির আমলে সড়কটির কাজ হয়েছিল। সড়কটির সংস্কারের জন্য চেষ্টা করা হচ্ছে।চলতি বছরের শেষের দিকে সংস্কার কাজ হবে বলে আশা করছি।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি