‘২০২৩ সালের ভোট হবে দুই রাত আগে’

এই সরকার ক্ষমতায় থাকলে কোনো ভোট হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, গত ভোট আগের রাতে হয়েছে। পরবর্তী ২০২৩ সালের নির্বাচনে ভোট হবে দুই রাত আগে।

শুক্রবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ভোটের আগে থেকেই সব কিছু ঠিক করা থাকবে। আওয়ামী লীগ আর জনগণের ভোটাধিকার একসঙ্গে চলে না। যতবার গণতন্ত্র হোচট খেয়েছে তার জন্য দায়ী আওয়ামী লীগ।

তিনি বলেন, আমরা যারা নির্বাচনে দাঁড়াব তাদের বসিয়ে দেয়া হবে। এখন যারা ক্ষমতায় আছে তারা অনেক জায়গায় ঘোষণা দিয়েছে, আমরা গায়ের জোরে ক্ষমতায় এসেছি, তোমরা (জনগণ) আমাদের ভোট দাওনি। আমরা গায়ের জোরে আছি, তোমাদের যদি গায়ের জোর থাকে তাহলে আমাদের সরাও। না হলে আমরা থাকব।

মান্না বলেন, এ সরকার জনবিরোধী ও অমানবিক। এই সরকারের অধীনে সুষ্ঠ ভোট হতে পারে বলে জনগণ বিশ্বাস করে না। সরকারের জনগণের প্রতি নূন্যতম দায়বদ্ধতা নেই। দেশের মানুষ ধ্বংস হয়ে যাক তাতে তার কিছু আসে যায় না। তার (সরকার) যে কোনো মূল্যে চাই ক্ষমতা।

এসময় তিনি আরও বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতির পরবর্তী প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এ সরকার। তাদের ষড়যন্ত্রে ধ্বংস হতে শুরু করেছে দেশের শিক্ষা ব্যবস্থা।

মান্না রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান করে বলেন, এভাবে একটি দেশ, জাতি, রাষ্ট্র চলতে পারে না। শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে।

৮০ দশকের ছাত্রনেতা ও সোনার বাংলা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মীরাজুল ইসলাম আব্বাসীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ভোটাধিকার ও রাজনৈতিক দলভিত্তিক আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন’ শীর্ষক এই সভা হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর