গণ বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষিকাকে অব্যাহতি
অনিয়মের সত্যতা পেয়ে গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ শিক্ষিকাকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন- ওই বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. হাসিন অনুপমা আজহারী ও সিনিয়র প্রভাষক (খন্ডকালীন) ফারজানা ফেরদৌস।
শুক্রবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
বিভিন্ন ধরণের অনিয়মের অভিযোগ ও বিভাগের DAAD প্রকল্পের অর্থ বিধিবহির্ভূতভাবে খরচের অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। পরে ১০ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৭ জুনের সভায় ড. অনুপমা আজহারীকে বিভাগের নানা অনিয়মের জন্য দু:খ প্রকাশ এবং ‘আলো ভূবন ও SCMPCR’ এর সব কার্যক্রম থেকে বেরিয়ে আসার শর্তে সাতদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য শেষ সু্যোগ দেওয়া হয়। তবে নির্দিষ্ট সময় পরে স্বেচ্ছায় অব্যাহতি চান ড. অনুপমা।
ফারজানা ফেরদৌস বিভাগের প্রকল্পের বিষয়ে ব্যাংকের হিসাব-নিকাশ পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্ত কমিটি তাকে উপস্থিতির অনুরোধ জানালেও তিনি কোনো সাহায্য করেননি, উপস্থিতও হননি। পরে তদন্ত কমিটির সুপারিশে ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভাগের অধ্যাপক এবং সিনিয়র প্রভাষক (খণ্ডকালীন) পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনে আদেশটি ২৯ জুন থেকে কার্যকর হবে।
উভয়কেই প্রকল্প সংশ্লিষ্ট কাগজপত্র, ব্যাংক হিসাবসহ সকল তথ্য বর্তমান বিভাগীয় প্রধানের নিকট হস্তান্তরের জন্য বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. হাসিনা অনুপমা আজহারীকে পূর্বে একই অভিযোগে বিভাগীয় প্রধান থেকে সাময়িক বরখাস্ত করা হয়। দীর্ঘদিন যাবত তিনি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি ‘মেডিকেল ফিজিসিস্ট’ অ্যাওয়ার্ড পেয়েছেন ড. অনুপমা। বিগত ২০ বছর যাবত এশিয়া-ওশেনিয়া অঞ্চলে মেডিকেল পদার্থবিজ্ঞানের শিক্ষা, পেশাদার বিকাশ, গবেষণার জন্য অসাধারণ অবদান রয়েছে তার৷ মেডিকেল ফিজিক্সে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি আইডিএমপি অ্যাওয়ার্ডও লাভ করেন।
বার্তাবাজার/পি