আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে ভারত। ভারতের এমন হারের পর একাদশ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
এদিকে ফাইনাল ম্যাচে ভারতের একাদশে রবীন্দ্র জাদেজার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার। ভারত একাদশ সাজাতে ভুল করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে রিজার্ভ ডে তে গড়িয়েছে। বৃষ্টির কারণে প্রথম দিন মাঠেই নামতে পারেনি দুইদল। এমন আবহাওয়ায় ভারতের একাদশে দুই স্পিনার রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মাঞ্জরেকার বলেন, ভারতের একাদশে দুইজন স্পিনার থাকা দল নির্বাচনের দিকে প্রশ্ন তুলে। বৃষ্টির জন্য টস পিছিয়ে যায়। আর সেখানে ভারত দুইজন স্পিনার নিয়ে খেলতে নামে।
জাদেজা একাদশে থাকা নিয়ে তিনি বলেন, জাদেজাকে ব্যাটিংয়ের জন্য একাদশে নেওয়া হয়েছিল, তার বোলিংয়ের জন্য নয়। আমি সব সময় এটার বিরোধী।
উল্লেখ্য, ফাইনালে ব্যাট হাতে যথাক্রমে ১৫ ও ১৬ রান করেন জাদেজা। প্রথম ইনিংসে বল হাতে টিম সাউদির উইকেট শিকার করলেও দ্বিতীয় ইনিংসে ছিলেন উইকেটশূন্য।
বার্তা বাজার/নব